সারাদেশ

টেকনাফে ৫ লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

  কক্সবাজার প্রতিনিধি: ১১ জুন ২০২৬ , ৫:৪৬:৫১ প্রিন্ট সংস্করণ

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এ সময় মাদক পাচারকারী চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

র‍্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার দক্ষিণ পাশে অবস্থিত সাবরাং খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় মিয়ানমার থেকে বাংলাদেশে একটি বড় ইয়াবার চালান প্রবেশ করানোর চেষ্টা করছিল একদল মাদক কারবারি। র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে দুইজনকে আটক করা হলেও তাদের কয়েকজন সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে আটক ব্যক্তিদের কাছে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে ৫ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা মো. সাজেদ (৩২) এবং এনামুল হাসান (৩৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্ত ব্যবহার করে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১৫-এর কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিরা একটি আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

র‍্যাব আরও জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content