বিশেষ প্রতিবেদন

দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ

  মো: নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৫ , ৮:৩৮:১২ প্রিন্ট সংস্করণ

 

বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও একসময় খাল-বিল, হাওর ও নদীতে ভরা দেশীয় মাছ এখন বিলীন হওয়ার পথে। বর্তমানে দেশে ২৬০ প্রজাতির দেশীয় মাছের মধ্যে প্রায় ৭০ প্রজাতি বিলুপ্তির মুখে।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা বিল, বাকসাইর বিল, বরগ বিল, মাঝি শাইল বিল, শিবপুর বিল ও জোয়ালভাঙ্গা বিল—এসব জলাশয়ে একসময় প্রচুর কই, শিং, মাগুর, পুটি, টেংরা, শোল ও গজার মাছ পাওয়া যেত। কিন্তু এখন বাজারে দেশীয় মাছের সরবরাহ অপ্রতুল। সামান্য মাছ এলেই ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়তে দেখা যায়, দামও হয়ে যায় চড়া। অন্যদিকে বাজার ভরে যাচ্ছে হাইব্রিড মাছ যেমন পাঙ্গাশ, তেলাপিয়া, সিলভার কার্প ও বার্মা রুইয়ে।

মাছ ব্যবসায়ী প্রবীর দাস জানান, “বিল-হাওর শুকিয়ে ফেলা, সড়ক-বাঁধ নির্মাণ, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার, কীটনাশকের প্রভাব এবং জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে রেণু পোনা আহরণের কারণে দেশী মাছ দিন দিন কমছে।”

মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু আছাদ ফরিদুল হক বলেন, “পানির স্বল্পতা, নির্বিচারে মাছ ধরা ও রেণু নিধনের কারণে দেশীয় মাছের প্রজাতি হ্রাস পাচ্ছে। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে পর্যাপ্ত পানি নিশ্চিত করা ও মা-পোনা মাছ রক্ষা করা গেলে দেশীয় মাছের অভয়ারণ্য ফিরিয়ে আনা সম্ভব।”

তিনি আরও জানান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content