ফারুক হোসেন নয়ন, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ২৯ আগস্ট ২০২৫ , ৯:০৭:২৬ প্রিন্ট সংস্করণ
রংপুরের বদরগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষপানে রফিকুল ইসলাম (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর ডাকারপাড়া গ্রামে।
নিহত রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত আতাব্বার আলীর ছেলে। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর রফিকুল ইসলাম ঘরে ঢুকে ইঁদুর মারার বিষ খেয়ে মেঝেতে পড়ে যান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠান।
পরে রংপুরে যাওয়ার পথে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নেওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি একেএম আতিকুর রহমান।




















