বিশেষ প্রতিবেদন

রংপুরে প্রেসক্লাবের নথি উদ্ধারে বরখাস্তকৃত সম্পাদকের বাসায় পুলিশের তল্লাশি

  রংপুর প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ৫:২২:২৬ প্রিন্ট সংস্করণ

রংপুর প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল উদ্ধারের জন্য বরখাস্তকৃত সাধারণ সম্পাদক মেরিনা লাভলীর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে নগরীর সেন্ট্রাল রোডের বাসায় এ অভিযান চালানো হয়।

সমাজসেবা মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত প্রেসক্লাব প্রশাসকের আবেদনের ভিত্তিতে এডিএম আদালতের নির্দেশে এই তল্লাশি অভিযান পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, মেরিনা লাভলী প্রেসক্লাবের অফিস থেকে আলমারির চাবি, ফাইলসহ গুরুত্বপূর্ণ নথিপত্র সরিয়ে ফেলেন। এর ফলে দীর্ঘদিন ধরে ক্লাবের আর্থিক অনিয়ম-দুর্নীতির অডিট করা সম্ভব হয়নি।

প্রশাসক ও রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম জানান, বারবার নোটিশ পাঠানো হলেও মেরিনা লাভলী নথি ফেরত দেননি। পরে আদালতের নির্দেশে তল্লাশি চালানো হয়।

রংপুর কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালানো হলেও কোনো নথি উদ্ধার সম্ভব হয়নি।

এদিকে তল্লাশির ঘটনায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করে মেরিনা লাভলী অভিযোগ অস্বীকার করেন। তার আইনজীবী অ্যাডভোকেট জোবায়দুল ইসলাম বলেন, মক্কেলকে হয়রানি করার জন্য পুলিশ এই অভিযান চালিয়েছে।

প্রেসক্লাবের অনিয়মবিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক এস এম জাকির হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতি আড়াল করতেই মেরিনা লাভলী গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে ফেলেছেন।

আরও খবর

Sponsered content