বিশেষ প্রতিবেদন

বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু

  প্রতিনিধি ২৮ আগস্ট ২০২৫ , ১১:২৯:৪৭ প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে ২৭ আগস্ট এ মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া সূচনা বক্তব্য উপস্থাপনের মাধ্যমে শুরু হয়। প্রসিকিউশনের পক্ষে বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ান ও তারেক আবদুল্লাহসহ অন্যান্যরা। আসামিপক্ষের আইনজীবী এবং রাষ্ট্রনিযুক্ত ডিফেন্সও আদালতে উপস্থিত ছিলেন।

এদিন সকালে মামলার ছয় আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল এবং আনোয়ার পারভেজ।

উল্লেখ্য, ৬ আগস্ট এ মামলার ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল। তবে আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

গত ৩০ জুলাই পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। একইভাবে পৃথক তারিখে বিভিন্ন আসামির পক্ষেও শুনানি হয়। প্রসিকিউশন গত ২৮ জুলাই অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে বিস্তারিত অভিযোগ আদালতে উপস্থাপন করে।

আদালত সূত্র জানায়, এ মামলায় মোট ৬২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content