বিনোদন

দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুরের পাশে দাঁড়াচ্ছেন খায়রুল বাসার

  প্রতিনিধি ১ আগস্ট ২০২৬ , ৫:৪৮:২৯ প্রিন্ট সংস্করণ

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মুখলেসুর রহমান। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে আসে, দৃষ্টিশক্তি হারিয়েও অন্যের কাছে হাত না পেতে গাছের ছাল ছাড়িয়ে উপার্জন করে নিজের ও বৃদ্ধা মায়ের ভরণপোষণ করছেন তিনি।

মুকলেসুরের জীবনসংগ্রামের সেই গল্প নাড়িয়ে দিয়েছে অভিনেতা খায়রুল বাসারকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মুখলেসুরের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

সম্প্রতি মুখলেসুরকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করে খায়রুল বাসার লিখেছেন, ‘মুখলেসুর রহমান আমার ভাই। আমি প্রতি মাসে অল্প করে হলেও আমার পরিবারের দায়িত্ব নিতে চাই। কেউ আমাকে এই পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকব।’

এরই মধ্যে মুখলেসুরের সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানিয়েছেন এই অভিনেতা। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। দেশে ফিরেই মুখলেসুর ও তার পরিবারের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেবেন বলে জানান।

গতকাল শুক্রবার (৩১ জুলাই) মুকলেসুরকে নিয়ে প্রকাশিত আরেকটি প্রতিবেদনের মন্তব্যের ঘরে এক নেটিজেন খায়রুল বাসারকে মেনশন করলে তিনি জবাবে লিখেছেন, ‘কথা হয়েছে। দেশে ফিরে আমি ওনাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করব।’

মানবিক নানা উদ্যোগের জন্য এর আগেও প্রশংসিত হয়েছেন খায়রুল বাসার। সম্প্রতি কিশোরগঞ্জের কবর খননকারী মনু মিয়ার ঘোড়া হত্যার ঘটনা ভাইরাল হলে তিনি মনু মিয়ার জন্য নতুন একটি ঘোড়া কিনে দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।

আরও খবর

Sponsered content