বিনোদন

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৭ আগস্ট ২০২৫ , ৮:০২:৫১ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকা ও ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন।

প্রথম ঘটনাটি ঘটে বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে পৌরসভার পূর্ব মাধবপুর এলাকায়। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শ্রমিক ক্বারী মো. মোশারফ মিয়া (২৪)। পুলিশ জানায়, তিনি মামার মালিকানাধীন বেকারির ভ্যানে মালামাল গুছানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মোশারফ মিয়া পূর্ব মাধবপুর গ্রামের হরমুজ আলীর ছেলে এবং বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

অপর ঘটনা ঘটে সকাল ৮টার দিকে উপজেলার শিবপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে। দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারান মসজিদের ইমাম মনির মোল্লা (৪০)। তিনি বাঘাসুরা ইউনিয়নের শিবপুর গ্রামের বেনু মিয়ার ছেলে। জানা যায়, কর্মস্থল সুন্দরপুর জামে মসজিদ থেকে বাইসাইকেলযোগে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে দাফন সম্পন্ন করেন।

মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোশারফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, মানবিক কারণে মনির মোল্লার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content