বিনোদন

‘আমি দেশে আসতে চাই’

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ , ২:০৪:৫২ প্রিন্ট সংস্করণ

প্রায় দুই বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সংগীতশিল্পী ইবরার টিপু। বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে তার চিকিৎসা। এরই মধ্যে নিজের শারীরিক অবস্থার সুখবর দিয়েছেন এই শিল্পী। আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। গানে ফেরার প্রত্যাশাও ব্যক্ত করেছেন এই গায়ক। সেসঙ্গে জানালেন ইচ্ছের কথাও- তিনি দেশ ও দেশের মানুষকে মিস করছেন, তাই ফিরতে চান বাংলাদেশে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখা যায় ইবরার টিপুকে। দীর্ঘ সময় পর কণ্ঠে গান তুলে আবেগঘন মুহূর্তের জন্ম দেন তিনি। গান শেষে জানান, দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর প্রায় হারিয়ে যাওয়া কণ্ঠ ধীরে ধীরে ফিরছে।

ইবরার টিপু বলেন, ‘প্রায় দুই বছর পর গান গাইতে পারলাম। দ্বিতীয়বার অস্ত্রোপচারের পর আমার কণ্ঠ প্রায় চলে গিয়েছিল, কথা বলতে পারতাম না। এখন অনেকটা ভালো আছি। আমার স্ত্রী বিন্দু কণার অনুরোধে আবার গাইলাম। আশা করছি আবার গাইতে পারব।’

বলা দরকার, ২০২৫ সালের শুরুতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ইবরার টিপুর কিডনি ক্যানসার ধরা পড়ে। ওই বছরের মার্চে শুরু হয় তার চিকিৎসা। এরপর দুই দফা বড় ধরনের অস্ত্রোপচার করতে হয় তাকে। দ্বিতীয় অস্ত্রোপচারের পর কথা বলতেও সমস্যায় পড়েন তিনি। ফলে গান গাওয়া তো দূরের কথা, স্বাভাবিকভাবে কথা বলাও কঠিন হয়ে পড়েছিল তার জন্য।

দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের কারণে ইবরার টিপুর ওজনও উল্লেখযোগ্যভাবে কমে যায়। গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে তার স্ত্রী বিন্দু কণা সামাজিক যোগাযোগমাধ্যমে টিপুর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি জানান।

বর্তমানে নিজের শারীরিক অবস্থার বিষয়ে ইবরার টিপু বলেন, ‘আগের চেয়ে অনেক ভালো আছি। সর্বশেষ ব্রেনে একটা সার্জারি হলো। রিপোর্ট ভালো এসেছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘আমি দেশে আসতে চাই। পরিবার, বন্ধু-বান্ধব, মিউজিশিয়ান, শিল্পীদের সঙ্গে দেখা করব। বহুদিন ধরে এমন ইচ্ছা। সুস্থ হলেই দেশে আসব আমি। সবাই ভালো থাকবেন। দোয়া করবেন আমার জন্য।’

আরও খবর

Sponsered content