প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৫ , ১২:৪৬:১৭ প্রিন্ট সংস্করণ
পঞ্চগড়ে গত ১০দিন ধরে প্রবাহিত শীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঝরছে কুয়াশা।
শুক্রবার পঞ্চগড়ের সমগ্র এলাকা সাদা কুয়াশার চাদরে ঢাকা ছিল। সকাল দশটার পর ঝলমলে রোদের দেখা মিললেও কুয়াশার কারণে রোদের তেজ তেমন ছিলনা। এতে দিনের বেলাতেও বেশ শীত অনুভূত হচ্ছে।
শীতের তীব্রতা বাড়ায় শীতজনিত নানান রোগ ব্যাধিও বেড়েছে জেলাজুড়ে। বিশেষ করে বৃদ্ধ ও শিশুরা শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। ঘরে ঘরে জ্বর, সর্দি লেগেই আছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভীড়।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টায় ১২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
গত তিনদিন ধরে পঞ্চপড়ে করে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে বিরাজ করছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
এতে খেটে খাওয়া মানুষের কষ্ঠ বেড়েছে। বিশেষ করে কৃষি, বালু, পাথর ও চা শ্রমিকসহ রিকশা-ভ্যান চালকরা দূর্ভোগে পড়েছেন। শীত নিবারনের জন্য অনেকে লেপ-তোষক তৈরিসহ গরম কাপড় কিনছেন।
জেলার মাঝাপাড়া গ্রামের ভ্যানচালক আনিছুর ইসলাম বলেন, ‘সংসারের খরচ জোগাতে ঠান্ডার মধ্যেও ভ্যান চালাছু, তবে খুব ঠান্ডা নাগেছে। গত সোমবার থেকে হামার এত্তি ঠান্ডা খান বেশী নাগেছে। কুহাও পড়ছে খুব।’
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যক্ষেণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টায় তাপমাত্রা ১২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। গত তিনদিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে অবস্থান করছে।’
তিনি আরও বলেন, ‘আকাশে ঘন কুয়াশা থাকায় রোদের তীব্রতা ছড়াতে পারছেনা। এতে সারা দিন হালকা শীত অনুভূত হচ্ছে।’
চলতি মাসের মাঝামাঝি সময়ে এই এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান এই কর্মকর্তা।





















