প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৫৫:২১ প্রিন্ট সংস্করণ
সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন (৮৩) দিনাজপুর জেলা কারাগারে বন্দি অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা ১০ মিনিটে অসুস্থ অবস্থায় দিনাজপুর জেলা কারাগার থেকে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
কারা সূত্র জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাঁকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরদিন ১৭ আগস্ট তাঁকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। তিনি হত্যা মামলাসহ মোট তিনটি মামলায় কারাবন্দি ছিলেন। শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ক্ষিতীন্দ্র মোহন সেন ও মাতা বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে লেখাপড়া করেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সর্বশেষ ২০২৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলটির সাবেক প্রেসিডিয়াম সদস্যও ছিলেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।





















