সাহিত্য

প্রকাশিত হচ্ছে ‘আলহাজ্ব আবদুল গফুর চৌধুরীর জীবন কথা’

  কক্সবাজার জেলা প্রতিনিধি: ২৭ জুলাই ২০২৬ , ১১:২২:১৫ প্রিন্ট সংস্করণ

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য, জননেতা ও সমাজসেবক মরহুম আলহাজ্ব আবদুল গফুর চৌধুরীর জীবন, রাজনৈতিক দর্শন, জনসেবা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত হচ্ছে নতুন গ্রন্থ ‘আলহাজ্ব আবদুল গফুর চৌধুরীর জীবন কথা’

গ্রন্থটির রচয়িতা বিশিষ্ট কবি, শিক্ষাবিদ, গবেষক ও বহু গ্রন্থের প্রণেতা এম. এরশাদুর রহমান। বইটির প্রচ্ছদে জাতীয় সংসদ ভবনের পটভূমিতে আলহাজ্ব আবদুল গফুর চৌধুরীর প্রতিকৃতি স্থান পেয়েছে।

গ্রন্থে তুলে ধরা হয়েছে আলহাজ্ব আবদুল গফুর চৌধুরীর দীর্ঘ রাজনৈতিক ও জনসেবামূলক জীবনের বিভিন্ন অধ্যায়। তিনি প্রায় ৩৫ বছর হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি টেকনাফ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, কক্সবাজার জেলা পরিষদের সদস্য, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

বইটিতে তাঁর শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদানের বিষয়ও স্থান পেয়েছে। তাঁর উদ্যোগে হ্নীলা উচ্চ বিদ্যালয়, হ্নীলা হাসপাতাল, হ্নীলা ভূমি অফিসসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এছাড়া পশ্চিম পানখালী জামে মসজিদ, পশ্চিম পানখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জমি দানের তথ্যও গ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্রন্থে তাঁর ব্যক্তিগত জীবনের মানবিক দিকও তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সাধারণ মানুষের প্রতি আন্তরিক আচরণ এবং মৃত্যুর আগে সন্তানদের উদ্দেশে দেওয়া তাঁর বক্তব্য—“আমি তোমাদের জন্য ধন-সম্পদ রেখে যেতে না পারলেও মানুষের ভালোবাসা রেখে গেলাম”—তাঁর জীবনদর্শনের প্রতিফলন হিসেবে বিবেচিত হয়েছে।

বইটিতে তাঁর রাজনৈতিক দর্শন, নেতৃত্বের ধরণ, জনসম্পৃক্ততা, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, বিভিন্ন স্মৃতিচারণ ও উল্লেখযোগ্য উক্তি সংকলিত হয়েছে। বইয়ের পেছনের প্রচ্ছদে রাজনীতিকে মানুষের সেবা ও দায়িত্ব পালনের মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে।

লেখক এম. এরশাদুর রহমান জানান, নতুন প্রজন্মের কাছে আলহাজ্ব আবদুল গফুর চৌধুরীর জীবনাদর্শ, রাজনৈতিক চিন্তাভাবনা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরার উদ্দেশ্যেই গ্রন্থটি রচিত হয়েছে।

সংশ্লিষ্টদের আশা, ‘আলহাজ্ব আবদুল গফুর চৌধুরীর জীবন কথা’ গ্রন্থটি তাঁর জীবন, কর্ম, রাজনৈতিক প্রজ্ঞা ও সামাজিক অবদান নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য গ্রন্থ হিসেবে পাঠকমহলে সমাদৃত হবে।

আরও খবর

Sponsered content