মোহাম্মদ ফিরোজ, স্টাফ রিপোর্টার ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ৩:১৭:৪৯ প্রিন্ট সংস্করণ
সৌদিআরবে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে প্রায় ২৭৮.০৫ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের। এর মধ্যে রয়েছে তৈরি পোশাক, খাদ্য ও পানীয়, বেকারি সামগ্রী, জুস, পাট ও চামড়াজাত পণ্যসহ নানা সামগ্রী।
বাংলাদেশ ও সৌদিআরবের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবং বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও গতিশীল করতে আগামী ১১ থেকে ১৩ ডিসেম্বর জেদ্দার রেডিসন ব্লু হোটেলে তিন দিনব্যাপী বসছে ‘মেড ইন বাংলাদেশ এক্সপো ২০২৫’।
গ্লোবাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জিসিসিআই) আয়োজনে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে রপ্তানিযোগ্য পণ্যের প্রচার, বাজার বৈচিত্র্যকরণ, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার এবং বিশেষ করে জিসিসি মার্কেটে বাংলাদেশি ব্যবসায়ীদের নেটওয়ার্ক বিস্তারে সহায়তা করবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেদ্দার স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন জিসিসিআই বাংলাদেশের চেয়ারম্যান লিটন আহমেদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও আফতাব বীন তমিজ।
সংবাদ সম্মেলনে লিটন আহমেদ বলেন, “সৌদিআরব ও জিসিসি বাজারে বাংলাদেশি পণ্যের বিপুল সম্ভাবনা রয়েছে। এ মেলার মাধ্যমে সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আমন্ত্রণ জানানো হবে এবং দুই দেশের সংস্কৃতি ও অর্থনীতির পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।”
তিনি আরও জানান, এই এক্সপো বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য নিজেদের উৎকর্ষ প্রদর্শন ও নতুন অংশীদারিত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদিআরব পশ্চিমাঞ্চলের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বলসহ বিভিন্ন টেলিভিশন ও সংবাদমাধ্যমের প্রতিনিধি।




















