সারাদেশ

বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর আমতলীতে বিএনপি নেতা জালাল উদ্দিন ফকিরকে গণসংবর্ধনা

  মেহেদী হাসান, আমতলী (বরগুনা) প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৭:০৭:২৩ প্রিন্ট সংস্করণ

 

বরগুনার আমতলীতে বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকিরের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় তাকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিএনপির স্থানীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের আয়োজনে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতাকর্মী অংশ নেন, যা মুহূর্তেই জনসমুদ্রে রূপ নেয়।

দলীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারি দলীয় কয়েকজন নেতার ষড়যন্ত্রে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটি আমতলী উপজেলা আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকিরকে বহিষ্কার করেছিল। তবে বহিষ্কারের পরও তিনি দলীয় বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিলেন এবং আন্দোলনে অংশ নেন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

রবিবার সকালে জালাল উদ্দিন ফকির আমতলীতে ফিরে আসেন। শাখারিয়া চৌরাস্তায় প্রথম দফায় তাকে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাগত জানান ও ফুলেল শুভেচ্ছা দেন। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণের মুক্তমঞ্চে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মহসীন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান হিরু, মাহবুব উল আলম মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন সিকদার প্রমুখ।

গণসংবর্ধনা শেষে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জালাল উদ্দিন ফকির বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করছি। আমতলীর তৃণমূল নেতাকর্মীদের সংগঠিত করে আগামীর জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে আমি সর্বশক্তি নিয়োগ করব।”

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই গণসংবর্ধনা আমতলী বিএনপির ঐক্যের নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও খবর

Sponsered content