সারাদেশ

বিরলে র‌্যাবের অভিযানে ৩৯৬ বোতল এসকাফ উদ্ধার, গ্রেফতার ২

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ১৯ এপ্রিল ২০২৬ , ৪:৫২:৪৮ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের বিরল উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) এর বিশেষ অভিযানে ৩৯৬ বোতল এসকাফ উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে  র‌্যাব জানায়, বাংলাদেশ আমার অহংকার মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাব দেশব্যাপী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১টা ৩০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের গোছহাটা গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে স্থানীয় আতাবুর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আসামিদের শয়নকক্ষের খাটের নিচে লুকানো অবস্থায় ৩৯৬ বোতল ফেনসিডিল সমজাতীয় অবৈধ মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার অভিযোগে মো. আতাউর রহমান (৫৯) ও তার স্ত্রী মোছা. রহিমা বেগম (৫৭) কে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি বিরল উপজেলার গোছহাটা গ্রামে।
র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content