মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর): ১২ নভেম্বর ২০২৫ , ৪:৪৬:০৩ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে অনুমোদনহীন “মা ও শিশু জেনারেল হসপিটাল”-এর সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। চিকিৎসক ডাঃ শের আলী মর্তুজার ভুল অপারেশনে দুই যুবকের মৃত্যুর ঘটনায় সংবাদ প্রকাশের পর এ পদক্ষেপ নেওয়া হয়।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ লুৎফর রহমান। তিনি জানান, ঘটনাটির পর জেলা সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসনের নির্দেশে অনুমোদনহীন হাসপাতালটির কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর আগে উপজেলায় বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অবৈধ চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, বিরামপুর পৌর শহরের শালবাগান এলাকায় অবস্থিত এই হাসপাতালে সম্প্রতি এক যুবকের টনসিল অপারেশনের পর মৃত্যু হয়। একই চিকিৎসক শের আলী মর্তুজা নবাবগঞ্জে অপর এক যুবকের টনসিল অপারেশন করতে গিয়ে তাকেও মৃত্যুর মুখে ঠেলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরপর দুই মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি হয়েছে।














