সারাদেশ

বিরামপুরে ছয় কিশোরের দস্তারবন্দি সম্পন্ন: কুরআনে হাফেজ হওয়ায় আবেগঘন পরিবেশ

  মো. শাহ্ আলম মণ্ডল, দিনাজপুর প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ , ৮:১২:৩০ প্রিন্ট সংস্করণ


দিনাজপুরের বিরামপুরে ছয় কিশোরের দস্তারবন্দি (পাগড়ি পরানো) অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ সম্পন্ন করায় তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর বিরামপুর পৌর শহরের ছালেহিয়া দারুস সুন্নাহ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং হাফেজিয়া মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দস্তারবন্দি প্রাপ্ত হাফেজরা হলেন—হাফেজ মো. আবু বকর সিদ্দিক, হাফেজ মো. মারুফ হাসান, হাফেজ মো. আল-আমিন, হাফেজ মো. আব্দুল নূর হাসান, হাফেজ মো. মাহিদ হাসান ও হাফেজ মো. আশিকুর রহমান।

অনুষ্ঠানে মাওলানা মো. তৈয়ব আলী কৃতি শিক্ষার্থীদের মাথায় পাগড়ি পরিয়ে দেন। এ সময় উপস্থিত অভিভাবক ও স্বজনদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক অভিভাবককে সন্তানের সাফল্যে অশ্রুসিক্ত হতে দেখা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. তোছাদ্দেক হোসেন তোছা। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক রইচ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে নবীন হাফেজদের সুস্বাস্থ্য, সাফল্য এবং তাদের অভিভাবকদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর

Sponsered content