মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৫ , ৫:৫৪:৩২ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে “তারুণ্যের উৎসব ২০২৫”। সোমবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
বিকেলে একই মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছেলেদের ভলিবল, মেয়েদের ফুটবল, এবং ছেলে-মেয়েদের আলাদা কাবাডি খেলা আয়োজন করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের “যেমন খুশি তেমন সাজো” প্রতিযোগিতা। এতে ক্ষুদে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন চরিত্রের সাজে নিজেদের মেলে ধরেন।
প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তা এবং স্থানীয় আরও অনেকেই উপস্থিত ছিলেন।
উৎসবটি এলাকায় আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও ক্রীড়া চর্চা উৎসাহিত করেছে।















