মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ৫:৫৩:৩৮ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের বিরামপুর ও হাকিমপুরে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে। বেসরকারি সংস্থা ল্যাম্ব সিএইচডিপি–এর কমিউনিটি সেফটি শিল্ড (সিএস–টু) প্রকল্পের উদ্যোগে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়ন এবং হাকিমপুর উপজেলার উদয়গিরি জামতুলিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার এবং কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ল্যাম্ব-এর পক্ষে উপস্থিত ছিলেন কমিউনিটি সেফটি শিল্ড প্রকল্পের টেকনিক্যাল অফিসার রতন দাস ও টেকনিক্যাল কো–অর্ডিনেটর নিরঞ্জন বর্মন।
এবারের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল—“সমতা এবং অন্তর্ভুক্তি প্রচার করা।” আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে সকলের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পরিবার–শিক্ষা প্রতিষ্ঠান–স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বৈষম্য, বঞ্চনা ও সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ চর্চা এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। উপস্থিত অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষায় নিয়মিত সচেতনতা ও কমিউনিটি–ভিত্তিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।




















