প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ১২:৪৪:০২ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপের দল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে দুঃস্বপ্নের অভিজ্ঞতার মুখে পড়লেন ব্রাজিল তারকা নেইমার। রোববার কোরিতিবার বিপক্ষে সান্তোসের ৩-০ গোলের হারের ম্যাচে ভুলবশত তাকেই বদলি করে ফেলে ম্যাচ রেফারিরা, যা মাঠে সৃষ্টি করে চরম বিশৃঙ্খলা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভুল সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নেইমার। ম্যাচের চতুর্থ রেফারি বদলির বোর্ডে তার ১০ নম্বর জার্সি প্রদর্শন করেন। কিন্তু নেইমারের দাবি, বদলি হওয়ার কথা ছিল তার সতীর্থ গনসালো এস্কোবারের, তিনি কেবল পায়ের পেশিতে চিকিৎসা নিতে সাময়িকভাবে মাঠের বাইরে গিয়েছিলেন।
মাঠে ফিরতে গেলে নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারি। এরপর ক্ষোভে ফেটে পড়ে রেফারিদের কাছ থেকে বদলির কাগজ ছিনিয়ে নিয়ে টেলিভিশন ক্যামেরার সামনে দেখান তিনি, যাতে প্রমাণ করতে পারেন ভুল খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানো হয়েছে।
এক বার্তায় সান্তোস ক্লাব জানায়, চতুর্থ রেফারি বদলির ক্ষেত্রে ভুল করেছেন এবং টেলিভিশন সম্প্রচার ও রেফারিদের নথিতেও সেটি স্পষ্ট দেখা গেছে। ক্লাবের ভাষায়, এটি ছিল ‘অব্যাখ্যাত একটি ভুল’, যা পরে আর সংশোধন করা হয়নি।
এই ঘটনা নেইমারের জন্য আরও হতাশাজনক হয়ে ওঠে কারণ সোমবার ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা করার কথা কোচ কার্লো আনচেলত্তির। ইতালিয়ান এই কোচ আগেই জানিয়েছিলেন, আবেগ নয়—ফিটনেস ও বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতেই দলে জায়গা পাবেন খেলোয়াড়রা।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সান্তোসের হয়ে নেইমার ছয় গোল ও চারটি সহায়তা করেছেন। তবে চোট ও হাঁটুর অস্ত্রোপচারের কারণে ২০২৩ সালের পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। তার জাতীয় দলের হয়ে গোল সংখ্যা ৭৯।
শেষ পর্যন্ত হতাশ নেইমার মাঠ ছাড়েন এবং অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন সেই এস্কোবারের হাতেই, যার বদলি হওয়ার কথা ছিল শুরু থেকেই।











