খেলাধুলা

ভিনিসিয়ুসকে দলে ফেরার নিশ্চয়তা দিচ্ছেন না মরিনিও

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৬ , ১০:২২:০৬ প্রিন্ট সংস্করণ

ঘরোয়া প্রতিযোগিতায় নিষেধাজ্ঞা শেষ হলেও রিয়াল মাদ্রিদের মূল একাদশে ভিনিসিয়ুস জুনিয়রের জায়গা নিশ্চিত নয় বলে সতর্ক করেছেন কোচ হোসে মরিনিও। সাম্প্রতিক সময়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পারফরম্যান্স নিয়ে সমালোচনা অব্যাহত থাকায় তার জায়গা ফিরে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত মাসে ভিয়ারিয়ালের বিপক্ষে লাল কার্ড দেখার পর চার ম্যাচের নিষেধাজ্ঞা পান ভিনিসিয়ুস। সেই নিষেধাজ্ঞার শেষ ম্যাচে শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড।

তবে ভিনিসিয়ুস মাঠের বাইরে থাকলেও লা লিগায় টানা তিন ম্যাচ জিতেছে রিয়াল। সেভিয়াকে ৪-১, বার্সেলোনাকে ২-১ এবং রেসিং সান্তান্দারকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ভিনিসিয়ুসের জায়গায় নিয়মিত খেলার দাবি জোরালো করেছেন ইয়ান দিয়োমান্দে। সর্বশেষ ছয় ম্যাচে চার গোল ও তিনটি গোলে সহায়তা করেছেন তিনি।

সাম্প্রতিক মৌসুমগুলোতে রিয়ালের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা ভিনিসিয়ুসকে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছেন মরিনিও। তবে শুক্রবার নিজের অগ্রাধিকারের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন পর্তুগিজ কোচ।

মরিনিও বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল। কোনো একজন খেলোয়াড়ের সুবিধার জন্য দলকে কখনো ক্ষতিগ্রস্ত করতে চাইনি। ভিনিসিয়ুস যখন স্বাভাবিক অবস্থায় ফিরবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে, তখন আমি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব।’

তিনি আরও বলেন, ‘খেলোয়াড়দের সেরা অবস্থায় রাখতে আমাকে সবকিছু করতে হবে। প্রত্যেক খেলোয়াড়ের প্রকৃত সামর্থ্যের ওপর সব সময় বিশ্বাস রাখতে হবে। একজন খারাপ খেলোয়াড় যত চেষ্টাই করা হোক, খারাপই থাকবে। আর একজন ভালো খেলোয়াড় খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও স্বাভাবিক ছন্দে ফেরার সুযোগ রাখে।’

ভিনিসিয়ুসের প্রতি সতীর্থদের সমর্থনের কথা উল্লেখ করে মরিনিও বলেন, ‘তার সতীর্থরা তাকে দারুণভাবে সমর্থন করছে। আমরাও পূর্ণ বিশ্বাস নিয়ে তার পাশে আছি। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় দলকেই সবার আগে রাখতে হবে।’

মাঝ সপ্তাহে এথেন্সে এইকের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে শুরু থেকেই খেলেছিলেন ভিনিসিয়ুস। তবে সেদিনও তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা হয়। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েছিল রিয়াল। জুড বেলিংহাম ২-২ গোলে সমতা ফেরানোর কিছুক্ষণ পরই ভিনিসিয়ুসকে তুলে নেন কোচ। এরপর বদলি খেলোয়াড়ের বেঞ্চে বসেই যোগ করা সময়ে ফেদেরিকো ভালভার্দের জয়সূচক গোল দেখেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয়ের লক্ষ্য নিয়ে এ সপ্তাহের শেষ দিকে মাঠে নামবে রিয়াল। তবে গ্রিসে পিছিয়ে পড়ার পর জয় পাওয়ার ধরন নিয়ে সন্তুষ্ট নন মরিনিয়ো। তার মতে, দলের উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে।

মরিনিও বলেন, ‘পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর চেয়ে শুরু থেকেই এগিয়ে থাকা ভালো। সান্তান্দারের বিপক্ষে যেমন প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিলাম, তেমনটাই চাই। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর ইতিবাচক ও নেতিবাচক—দুই দিকই আছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের প্রত্যাবর্তনের জন্য বিশ্বাস, শক্তিশালী বদলি বেঞ্চ, দলের অনুপ্রেরণা এবং কোন দলের জার্সি পরে খেলছেন, তা জানা জরুরি। তবে এর কিছু নেতিবাচক দিকও রয়েছে, যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ম্যাচের শুরু থেকেই আরও ধারাবাহিকতা খুঁজে বের করতে হবে।’

লা লিগার পয়েন্ট তালিকায় সপ্তাহের শুরুতে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। শনিবার জিতলে শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট হবে তাদের। রোববার দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ মাঠে নামবে।

চোটের কারণে রদ্রিগো, রাউল আসেনসিও ও ফেরলাঁ মেন্দি খেলতে পারবেন না। নিষেধাজ্ঞার কারণে থাকছেন না ভিনিসিয়ুসও। রদ্রিগোর হাঁটুতে, আসেনসিওর পায়ে এবং মেন্দির নিতম্বে চোট রয়েছে।

অন্যদিকে এলচের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর আত্মবিশ্বাস নিয়ে রিয়ালের মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। তবে ১১ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে তালিকার ১৯তম স্থানে রয়েছে দলটি। মৌসুমের দ্বিতীয় লিগ জয় পেয়েছে তারা সর্বশেষ ম্যাচে। ফলে অবনমন এড়াতে দীর্ঘ লড়াইয়ের আশঙ্কা বাড়ছে হাভিয়ের আগুয়েরের দলের।

 

আরও খবর

Sponsered content