মোঃ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১০:০৫:৫৩ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথরবোঝাই ট্রলির ধাক্কায় আফতাব উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙা–শালজোর ঘাটপার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফতাব উদ্দিন শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই নামাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত নঈমুদ্দিনের ছেলে। পেশায় তিনি ঘোড়ার গাড়িচালক ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আসাদমোড় থেকে বাজার করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পাথরবোঝাই ট্রলি আফতাব উদ্দিনকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে অতিরিক্ত রক্তক্ষরণ ও গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “আমি ঘটনাস্থলে আছি। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
আফতাব উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।




















