মোঃ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ২৪ জানুয়ারি ২০২৬ , ২:০৩:০০ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শিশু শিক্ষার্থীদের দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দেওয়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, ছোট ছোট শিক্ষার্থীদের দিয়ে একটি রাজনৈতিক দলের পক্ষে স্লোগান ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, যা নির্বাচনী প্রচার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে রাখার বিধান থাকলেও তা লঙ্ঘিত হয়েছে বলে অভিভাবকদের অভিযোগ।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে শিশুদের ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগান দিতে উদ্বুদ্ধ বা বাধ্য করা হয়েছে। এ ঘটনায় সচেতন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত করা অন্যায়। এটি তাদের মানসিক বিকাশ ও শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পূর্ব ধলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার বলেন, বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের নেতৃত্বে ছাত্রদলের কয়েকজন ছেলে এসে জোর করে শিক্ষার্থীদের একত্রিত করে এসব দলীয় স্লোগান দেয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাশরাফি বিন মোকাদ্দেসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল। পরক্ষণেই আমি দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেছি।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ভিডিওটি আমি দেখেছি। এটি ইলেকট্রোরাল ইনকোয়ারি কমিটির কাছে পাঠানো হবে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।















