সারাদেশ

মাধবপুরে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগ

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৬ , ২:২৯:০৪ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দূর্লভপুর এলাকায় তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কর্তনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, আফজল মিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে নিয়মবিরুদ্ধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে।

স্থানীয়রা জানান, কৃষিজমি থেকে মাটি কেটে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং চাষাবাদের মারাত্মক ক্ষতি হচ্ছে। এতে ভবিষ্যতে ওই কৃষিজমি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এক নারী উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে তিন ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়টি তুলে ধরেন। মাধবপুর উপজেলার মনতলা বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। একই সঙ্গে এক সচেতন নাগরিকও ফেসবুক লাইভে মাটি কর্তনের ভিডিও প্রকাশ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মাধবপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা এস এম ইকরাম বলেন, “ফসলি জমি থেকে মাটি কর্তন সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম বলেন, “কৃষিজমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে বলেন, কৃষিজমি রক্ষা ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

আরও খবর

Sponsered content