মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৬ , ৬:২২:০৫প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি দীর্ঘদিন পড়ে থাকায় পচে ও বিকৃত হয়ে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে হাসপাতালের পেছনে থাকা পরিত্যক্ত মেডিকেল অফিসার্স কোয়ার্টার পরিষ্কার করতে গিয়ে কর্মীরা ভবনের ভেতরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর জানান, পরিত্যক্ত ভবন পরিষ্কার করার সময় কর্মীদের নজরে আসে ঝুলন্ত মরদেহটি। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি পচে গেছে এবং শরীরের বিভিন্ন অংশের হাড় বের হয়ে এসেছে।
এদিকে মরদেহটি আত্মহত্যার নাকি হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে, তা নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া অনুযায়ী তদন্ত করা হবে।