রাজনীতি

মানববন্ধনে হামলার প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৪:২০:০৪ প্রিন্ট সংস্করণ

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে করা ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। পরে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। নিজেদের ওপর হামলার প্রতিবাদে হামলাকারীদের বিরুদ্ধে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। এ ছাড়া কারওয়ান বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কারওয়ান বাজার কিচেন মার্কেটের সামনে হামলার ঘটনা ঘটে।

জানা যায়, ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার পর ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে কিচেন মার্কেটের সামনে এলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যান। তারপর ব্যবসায়ীরা কিচেন মার্কেটের সামনে লাঠিসোঁটা হাতে বিক্ষোভ করেন। এ ঘটনায় বেশ কিছু সময় এই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

মানববন্ধনে হামলার বিষয়ে ব্যবসায়ীরা জানান, ৫ আগস্টের পর থেকে যুবদলের বহিষ্কৃত নেতা আব্দুর রহমান কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদা আদায় করছেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা মানববন্ধনের আয়োজন করেন। তবে তাতে লাঠিসোঁটা নিয়ে হামলা চালায় আব্দুর রহমানের লোকজন। পরে মার্কেটের ব্যবসায়ীরা সবাই নেমে এসে হামলাকারীদের ধাওয়া দেন।

ব্যবসায়ীদের দাবি, পুলিশের সামনে তাদের ওপর হামলা চালানো হয়েছে। আব্দুর রহমানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে দোকান বন্ধ করে রাস্তায় নেমে আসার হুঁশিয়ারি দিয়ে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।

তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন্স) আব্দুল হান্নান বলেন, আব্দুর রহমান নামের একজনের বিরুদ্ধে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা শান্তিপূর্ণ মানববন্ধন করছিলেন। আগেও তারা এমন মানববন্ধন করেছেন। আজকের মানববন্ধনের সময় আশপাশে পুলিশও ছিল। হঠাৎ অতর্কিতভাবে কয়েকজন এসে তাদের ব্যানার কেড়ে নিতে চেষ্টা করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ঘটে। পরবর্তীতে পাল্টাপাল্টি ধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরও খবর

Sponsered content