রাজনীতি

গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে গুলির অভিযোগ

  অনলাইন ডেস্ক ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:৪৩:২০ প্রিন্ট সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়া। ছবি : সংগৃহীত

নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার পথে গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়াকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে গিয়ে পড়ে গিয়ে তিনি আহত হন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের নতুন চর ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহত প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী মো. সিপন ভূঁইয়া জানান, নির্বাচনী প্রচার শেষে গাড়িভাড়া পরিশোধের জন্য বাড়ি থেকে টাকা আনতে যাচ্ছিলেন তিনি। বাড়ির রাস্তায় পৌঁছামাত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় প্রাণ বাঁচাতে দৌড় দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এ বিষয়ে গোপীনাথপুর তদন্ত কেন্দ্র-এর পরিদর্শক মোহাম্মদ মোমেনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরও খবর

Sponsered content