সারাদেশ

রংপুর ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সামু’র মতবিনিময় সভা

  মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ১৬ নভেম্বর ২০২৫ , ১১:০৫:৪৩ প্রিন্ট সংস্করণ

রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু নগরীর চেম্বার ভবন মিলনায়তনে রংপুরে  কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন—রংপুর দীর্ঘ ৪২ বছর ধরে জাতীয় পার্টির পরিবারের শাসনের শিকার হলেও কোনো উন্নয়ন হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা নিজেরাই শুধু সুবিধা ভোগ করেছে, কিন্তু রংপুরবাসীর ভাগ্য পরিবর্তনে কিছুই করেনি।

রোববার  সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সামু বলেন, “রংপুরে যে উন্নয়ন বৈষম্য বিরাজ করছে, তা এখন দেশের মানুষ জানে। রংপুরবাসী প্রতারণার ফাঁদে আর পা দেবে না। এবার বিএনপি প্রার্থীকে ভোট দেবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। “কতিপয় স্বার্থান্বেষী মহল আমাকে হেয় করতে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু রংপুরবাসী আমাকে চেনে, বিএনপি নেতাকর্মীরা আমার অবস্থান জানে। অপপ্রচারের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবে,”—বলেন তিনি।

সামসুজ্জামান সামু বলেন, রংপুরে উন্নয়ন না থাকায় হাজার হাজার যুবক বেকারত্বে ভুগছে। অনেকেই জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে গার্মেন্টস বা রিকশা চালানোর মতো কাজে বাধ্য হচ্ছেন। তিনি জানান, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন—বিএনপি ক্ষমতায় এলে ২ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাই জনগণ এবার বিএনপিকে ভোট দেবে বলে আশা করি।”

দলীয় মনোনয়ন নিয়ে নেতাকর্মীদের মধ্যকার অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হয়েছে। কেউ যদি আমার বিরোধিতা করে, তবে তারা দলের সিদ্ধান্তকে অবজ্ঞা করছে। আমি চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়ের জন্য কাজ করুক।”

তিনি আরও বলেন, “আমি কখনো কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলাম না। যারা সামাজিকমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তারা বিএনপির কেউ নয়। এর পেছনে একটি গুপ্ত মহল সক্রিয়।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুলতান আলম বুলবুল, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপি নেতা শাহিনুল ইসলাম শাহীন, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

পরে সামসুজ্জামান সামু রংপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত আরেক মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচিতে পাগলাপীর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ দলের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content