মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০০:০৫ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন রংপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী। একই সঙ্গে তিনি হরিণ প্রতীকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর নুরপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলনে আনোয়ারা ইসলাম রানী বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ের আন্দোলন থেকে তিনি সরে দাঁড়াচ্ছেন না। তার ভাষায়, এটি কোনো পরাজয় নয়; বরং একটি নৈতিক ও রাজনৈতিক প্রতিবাদ।
তিনি জানান, দীর্ঘদিন ধরে হিজড়া জনগোষ্ঠীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আন্দোলন করে আসছেন। নারীদের জন্য সংরক্ষিত আসন থাকলেও তৃতীয় লিঙ্গসহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়াই তার মূল আপত্তির জায়গা।
আনোয়ারা ইসলাম রানী বলেন, রাষ্ট্র যদি সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে চায়, তবে কাউকে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়। সমাজ বদলেছে বলা হলেও রাজনৈতিক কাঠামোয় তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কার্যকর জায়গা এখনো তৈরি হয়নি।
সংবাদ সম্মেলনে তিনি সব রাজনৈতিক দল, প্রার্থী ও সমর্থকদের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। একই সঙ্গে তার সিদ্ধান্তকে কেন্দ্র করে কোনো ধরনের উত্তেজনা, সহিংসতা বা অপপ্রচার না চালানোর অনুরোধ করেন। তিনি বলেন, সহনশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশই গণতন্ত্রের সৌন্দর্য।
ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। প্রয়োজনে আদালত, সংসদ ও রাজপথ—সব ক্ষেত্রেই এই দাবি তুলে ধরা হবে বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনের শেষে রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনোয়ারা ইসলাম রানী বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও মানুষের পাশে থাকার অঙ্গীকারে তিনি অটল থাকবেন।
উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার সভাপতি ও ‘রূপান্তর’-এর উদ্যোক্তা। তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে উল্লেখযোগ্য ভোট পান। ওই নির্বাচনে জি এম কাদের ৮১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন, আর আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে ২৩ হাজার ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন।
রংপুর সদর ও রংপুর সিটি করপোরেশনের ১০ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৮ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫২ হাজার ৩৭০ জন, নারী ২ লাখ ৫৫ হাজার ৮৪৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। এ ছাড়া এ আসনে ৫ হাজার ২৩০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।
আনোয়ারা ইসলাম রানী বলেন, ভোটারদের বিভ্রান্ত না করতেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তার এই সিদ্ধান্ত কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়; বরং ভবিষ্যতে রাষ্ট্রকে তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাধ্য করার নৈতিক অবস্থান।





















