সারাদেশ

শৈলকুপায় জমি বিরোধে কৃষক নিহত, আটক ২

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ৭:৫৬:০২ প্রিন্ট সংস্করণ

নিহত কেসমত আলী (৫৬)

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বোনজামাই ও ভাগ্নের মারধরে কেসমত আলী (৫৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে কেসমত আলীর সঙ্গে তার ছোট বোনজামাই নবিছদ্দির জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের সদস্যরা কেসমত আলীকে মারধর করলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, “কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ অথবা স্ট্রোকেও তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে।”

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে আটক করেছে পুলিশ।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “হত্যার ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।”

ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

আরও খবর

Sponsered content