মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ১২:৪১:৪২ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার আমলসার ইউনিয়নের বিলসুনাই চরপাড়া নতুন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় আহত হয়েছে অপর মোটরসাইকেল আরোহী কিশোর ফারদিন ইসলাম (১৭)।
নিহত হাবিবুর রহমান আমলসার ইউনিয়নের বিলনাথুর গ্রামের জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় আমলসার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে গরু বহনকারী একটি নাটা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুরের মৃত্যু হয়। আহত ফারদিন ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা নাটা গাড়ি ও চালক বিপ্লবকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, “ঘটনাটি দুঃখজনক। নিহতের মরদেহ পরিবারকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
হাবিবুর রহমানের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও শিক্ষকরা তাঁকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন।














