মোঃ রাশেদ মিয়া, বগুড়া ৫ মার্চ ২০২৬ , ১১:৫২:৫৩ প্রিন্ট সংস্করণ
বগুড়া-র সারিয়াকান্দি উপজেলা-য় গ্রামীণ নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ধ্রুপদী সেলাই কেন্দ্র’ এবং স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘বাঁশগাড়ি কমিউনিটি ক্লিনিক’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার নারচী ইউনিয়ন-এর বাঁশগাড়ি গ্রামে এই দুটি প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান।
উদ্বোধনী অনুষ্ঠানে কর্নেল (অব.) জগলুল আহসান বলেন, গ্রামীণ জনপদের নারীরা এখন আর পিছিয়ে নেই। সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারা নিজেদের ভাগ্যোন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। ‘ধ্রুপদী সেলাই কেন্দ্র’ বাঁশগাড়িসহ সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা-র প্রতিটি ইউনিয়নের নারীদের দর্জি বিজ্ঞানে দক্ষ করে তুলবে এবং তাদের আত্মকর্মসংস্থানের পথ প্রশস্ত করবে।
তিনি আরও বলেন, এই সেলাই কেন্দ্রে নারীরা শুধু শ্রমের বিনিময়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন। কেন্দ্র থেকেই সেলাই মেশিন, কাপড়সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে এবং নারীদের তৈরি পোশাক বিভিন্ন শপিংমলে বিক্রির পর বিক্রয়মূল্যের অর্ধেক প্রস্তুতকারীদের দেওয়া হবে। পাশাপাশি আধুনিক পোশাক তৈরির জন্য নারীদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
একই দিনে ‘বাঁশগাড়ি কমিউনিটি ক্লিনিক’ উদ্বোধনের ফলে এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের চিকিৎসাসেবা সংকট অনেকটাই দূর হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে নারচী ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, ধ্রুপদী সেলাই কেন্দ্রের প্রশিক্ষক এবং বিপুলসংখ্যক স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর প্রধান অতিথি সেলাই কেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সেলাই কেন্দ্রটি চালু হওয়ায় এলাকার বেকার নারীরা ঘরে বসে না থেকে কাজের সুযোগ পাবেন, যা গ্রামীণ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















