খেলাধুলা

সেউতার সমর্থনের বার্তা আড়াল করার কারণ জানালেন এমবাপ্পে

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২:১৬:৪৪ প্রিন্ট সংস্করণ

সেউতার প্রতি সমর্থন জানানো টি-শার্টের লেখা আংশিক আড়াল করার কারণ ব্যাখ্যা করেছেন কিলিয়ান এমবাপ্পে। স্পেনের এই শহরটি বর্তমানে অভিবাসন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মঙ্গলবার এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচের আগে টি-শার্টের বার্তা আড়াল করার বিষয়ে এমবাপ্পে বলেছেন, ‘আমি এক ধরনের মানুষের কষ্টকে অন্যদের কষ্টের চেয়ে বেশি গুরুত্ব দিতে চাইনি।’

ম্যাচের আগে খেলোয়াড়দের দেওয়া টি-শার্টের বার্তার একটি অংশ ঢেকে রেখেছিলেন এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও ইব্রাহিমা কোনাতে। ফলে স্পেনের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সমালোচনার মুখে পড়তে হয়। ওই ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারায় এলচেকে।

উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের বিচ্ছিন্ন ভূখণ্ড সেউতায় জুলাইয়ে উত্তেজনা বাড়ে। ওই সময় মরক্কো থেকে কয়েক হাজার মানুষ সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করেন। এর ফলে মানবিক সংকট তৈরি হয় এবং অভিবাসন নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।

মঙ্গলবারের ম্যাচের আগে লা লিগা, এলচে ও রিয়াল মাদ্রিদ একমত হয়েছিল যে খেলোয়াড়েরা টি-শার্টটি পরবেন। স্থানীয় একটি ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে তৈরি ওই টি-শার্টে লেখা ছিল, ‘আমরা সবাই সেউতার।’ তবে এমবাপ্পে, ভিনিসিয়ুস ও কোনাতে টি-শার্টের ওপরের অংশ বুকের কাছে গুটিয়ে রাখেন। ফলে বার্তাটির একটি অংশ আর দেখা যায়নি।

বুধবার স্পেনের সংবাদপত্র দিয়ারিও আসকে দেওয়া বক্তব্যে এমবাপ্পে বলেন, ‘আমি বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে চাই, যাতে মানুষ বুঝতে পারে। টি-শার্ট পরার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাবগুলো। খেলোয়াড় হিসেবে আমাদের সেটি পরতে হয়েছিল। প্রথমেই বলতে চাই, সেউতা ও সব ভুক্তভোগীর প্রতি আমি পুরোপুরি সংহতি প্রকাশ করছি। কারণ খেলোয়াড় হওয়ার আগে আমি একজন মানুষ।’

এরপর অভিবাসীদের দুর্ভোগের কথাও তুলে ধরেন এমবাপ্পে। তিনি বলেন, ‘তবে যারা প্রাণ হারিয়েছেন এবং যারা কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন, সেই সব অভিবাসীর প্রতিও আমি সমর্থন জানাতে চেয়েছি। পরিস্থিতিটি কঠিন ছিল। কারণ মানুষ ভাবতে পারে, আমি সেউতার মানুষের বিপক্ষে। কিন্তু একেবারেই তা নয়। তাদের বিরুদ্ধে আমার কিছুই নেই এবং আমার ভাবনায় আমি পুরোপুরি তাদের পাশে আছি। একই সঙ্গে যারা কষ্ট পাচ্ছেন, তাদের কথাও তুলে ধরতে চেয়েছি।’

এমবাপ্পে আরও বলেন, ‘শেষ পর্যন্ত আমি একজন মানুষ এবং আমি এক ধরনের কষ্টকে অন্য ধরনের কষ্টের চেয়ে বেশি গুরুত্ব দিতে চাই না। মানুষ কষ্ট পাচ্ছে, আর পৃথিবীর নানা জায়গায় এমনটা দেখতে পেয়ে আমি গভীরভাবে কষ্ট পাই। আমি এমন একজন মানুষ, যে পৃথিবীর জন্য ভালো কিছু চায়। আমি ইতিবাচকতা ও শান্তির বার্তা দিতে চাই এবং আশা করি, এই পরিস্থিতির দ্রুত সমাধান হবে।’

এমবাপ্পের মা আলজেরীয় বংশোদ্ভূত। তাঁর বাবা ক্যামেরুন থেকে ফ্রান্সে পাড়ি জমিয়েছিলেন। এমবাপ্পের জন্ম প্যারিসে।

এর আগে সোমবারও সেউতার সমর্থনে টি-শার্ট পরা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন রিয়াল বেতিসের ফরোয়ার্ড আবদে এজ্জালজৌলি। মরক্কোর হয়ে খেলা আবদে বেতিস ও ভিয়ারিয়ালের ম্যাচের আগে ওই টি-শার্ট পরেছিলেন। এ নিয়ে মরক্কোর কিছু সমর্থক তাঁর সমালোচনা করেন।

শৈশবে পরিবারের সঙ্গে স্পেনে চলে যাওয়া আবদে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ওই টি-শার্ট পরার জন্য তিনি ক্ষমা চাইবেন না। তার দাবি, টি-শার্টটি পরার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এবং এর মাধ্যমে ‘মরক্কোর মানুষের প্রতি অবজ্ঞা’ প্রকাশেরও কোনো ইচ্ছা ছিল না।

আরও খবর

Sponsered content