সারাদেশ

বিজয়নগরে চম্পকনগর-মহেশপুর সড়কের বেহাল দশা, বাড়ছে দুর্ভোগ

  শাহনেওয়াজ শাহ, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ৩০ এপ্রিল ২০২৬ , ২:৩৯:২২ প্রিন্ট সংস্করণ


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ চম্পকনগর-মহেশপুর সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের অসংখ্য গর্ত পানিতে ডুবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে যাতায়াত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কের অধিকাংশ অংশের কার্পেটিং উঠে গেছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। কোথাও কোথাও গর্ত এতটাই গভীর যে অল্প বৃষ্টিতেই পানিতে ভরে ছোট জলাধারের মতো হয়ে যায়।

এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানান স্থানীয়রা। সড়কের এমন বেহাল অবস্থার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন রোগীবাহী অ্যাম্বুলেন্স, স্কুলগামী শিক্ষার্থী ও পণ্যবাহী যানবাহনের চালকরা। জরুরি রোগী পরিবহনে বিলম্ব হওয়ায় বাড়ছে ঝুঁকি।

স্থানীয় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। পণ্য পরিবহনে বিলম্ব ও অতিরিক্ত খরচ বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন তারা। চালক ও পথচারীদের অভিযোগ, ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল এবং দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবেই সড়কটির এ অবস্থা তৈরি হয়েছে।

বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পানিতে গর্ত ঢেকে যাওয়ায় চালকদের জন্য সড়কের অবস্থা বোঝা কঠিন হয়ে পড়ে। এতে যানবাহনের ক্ষতি বাড়ছে এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে।

প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। দ্রুত সড়কটির সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আশিকুর রহমান ভুইয়া বলেন, “সড়কটি উন্নয়নের জন্য সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।”

আরও খবর

Sponsered content