প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৬ , ১২:০৪:৩৭ প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ার মাছ বাজারের আড়তে ২৫ কেজি ওজনের একটি কাতল বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়।
আজ রোববার সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে বিশাল আকৃতির এই মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।
জানা গেছে, গতকাল শনিবার শেষরাতে ঠান্ডু হলদার ও তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে বিশাল আকৃতির এই কাতল মাছটি ভোরে জালে আটকা পড়ে। পরে বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে এনে ওজন করে দেখেন মাছটির ওজন ২৫ কেজি। বিশাল মাছটি একনজর দেখতে উৎসুক জনতা ও স্থানীয়রা ভিড় করেন। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৪২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয় এই মাছ।
মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে ২৫ কেজি ওজনের বড় একটি কাতল মাছ ৪২ হাজার ৫০০ টাকায় কিনেছেন তিনি। এখন সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন তিনি। সেইসঙ্গে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ আশা করছেন, দ্রুত মাছটি বিক্রি হয়ে যাবে।




















