নিজস্ব প্রতিবেদক ২১ জুলাই ২০২৫ , ৮:৫৩:৫৫ প্রিন্ট সংস্করণ
রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
তারেক রহমান বলেন,
“রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও বেদনার্ত। এই মর্মান্তিক ঘটনায় পুরো জাতি শোকে স্তব্ধ।”
তিনি আরও বলেন,
“মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবার যেন এই চরম দুঃসময়ে ধৈর্য ধারণ করতে পারে—আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই প্রার্থনাই করছি।”
তারেক রহমান এ দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চান।
বিএনপির পক্ষ থেকে তিনি এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যেন ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
উল্লেখ্য, সোমবার বিকেলে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও আইএসপিআর নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন, যাদের অধিকাংশই শিক্ষার্থী।
এই ঘটনায় ইতোমধ্যে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এবং আহতদের চিকিৎসায় বিভিন্ন হাসপাতালগুলোতে জরুরি সেবা চালু রয়েছে।




















