প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫ , ২:০৪:১০ প্রিন্ট সংস্করণ
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের দেশব্যাপী কর্মরত চিকিৎসকদের ঢালাওভাবে ‘ওষুধ কোম্পানির দালাল’ আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “ড. আসিফ নজরুল একজন বিশিষ্ট আইনজ্ঞ। তার বক্তব্য প্রায়ই সমাজে ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হয়েছে। তবে অনেক সময় অতিরঞ্জিত বক্তব্য বিভ্রান্তি ও উদ্বেগ তৈরি করে।”
ডা. রফিকুল বলেন, “ঢালাওভাবে চিকিৎসকদের ‘দালাল’ আখ্যা দেওয়া শুধু অযৌক্তিক নয়, চিকিৎসক সমাজের আত্মমর্যাদা ও পেশাদারিত্বের ওপর সরাসরি আঘাত।” তিনি আরও উল্লেখ করেন, “যে দেশে এখনো মা-বাবারা সন্তানের চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন, সেখানে এমন বক্তব্য জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে।”
বিএনপি স্বাস্থ্য সম্পাদক জানান, করোনাকালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে যে অবদান রেখেছেন তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনেও চিকিৎসক সমাজের ভূমিকা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে অম্লান।
তিনি বলেন, “চিকিৎসকদের পেশাগত দুর্বলতা থাকলে তা সমাধান করতে হবে নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আলোচনার মাধ্যমে। কিন্তু তাদের ‘দালাল’ বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ডা. রফিকুল অভিযোগ করেন, অতিরিক্ত পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ড. আসিফ নজরুল বিদেশে চিকিৎসা নেওয়াকে রীতিমতো উৎসাহিত করেছেন। “এতে সাধারণ মানুষের মধ্যে চিকিৎসকদের প্রতি ভুল বার্তা পৌঁছানোর ঝুঁকি তৈরি হয়েছে,” তিনি যোগ করেন।
তিনি আরও বলেন, “সরকারের ব্যর্থতা আড়াল করতেই কি এমন বক্তব্য কৌশল হিসেবে ব্যবহার করা হলো—সে প্রশ্ন চিকিৎসকদের মনে উত্থাপিত হয়েছে। তাই অবিলম্বে এ ধরনের অসৌজন্যমূলক বক্তব্য প্রত্যাহার করে চিকিৎসক সমাজের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।”
শেষে বিএনপি স্বাস্থ্য সম্পাদক সরকারের প্রতি আহ্বান জানান, স্বাস্থ্য খাতে দুর্নীতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা, বাজেট ঘাটতি ও ওষুধের দাম নিয়ন্ত্রণহীনতা ইত্যাদি প্রকৃত সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে।




















