জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৫ , ৬:২১:১৫ প্রিন্ট সংস্করণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ফেনী-২ (সদর) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা একরামুল হক ভূইয়ার সমর্থনে বুধবার বিকেলে ফেনী শহরে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।
১২ নভেম্বর বিকেল ৪টায় শহরের মাহবুব উল হক পেয়ারা সুইমিংপুল এলাকা থেকে শোডাউনটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সহস্রাধিক মোটরসাইকেল, প্রাইভেট কার, হাইচ, নোহা ও মিনি পিকআপের দীর্ঘ সারি শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
শোডাউনটি ট্রাংক রোড, সালাউদ্দিন মোড়, সদর হাসপাতাল মোড়, মিজান রোড, শহীদ মিনার চত্বর, দোয়েল চত্বর, খেজুর চত্বর, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, মহিপাল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও মহিপাল ফ্লাইওভার প্রদক্ষিণ শেষে লালপোল হয়ে পুনরায় সুইমিংপুল এলাকায় এসে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা হাতপাখা প্রতীক, জাতীয় ও দলীয় পতাকা হাতে স্লোগান দিতে দিতে শোডাউনে অংশ নেন।
শোডাউনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি মাওলানা গাজী এনামুল হক ভূইয়া, সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, ফেনী-৩ আসনের প্রার্থী আলহাজ্ব মো. সাইফ উদ্দিন শিপন, জেলা উপদেষ্টা মাওলানা নুরুল করিম, মাওলানা মীর আহমেদ মীরু, জেলা যুগ্ম সম্পাদক মাওলানা কে এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ, ইসলামী যুব আন্দোলনের সহ-সভাপতি মো. সাইফুল্লাহ শামীম, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আলী আহমদ ফোরকান, সহ-সভাপতি মুহাম্মাদ নাদের চৌধুরী, সাধারণ সম্পাদক মীর হোসেন হৃদয় এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা হোসাইন আহমেদ ও সেক্রেটারি মোকছুদুর রহমান মিয়াজীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।














