সারাদেশ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  মোঃ গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১:২৬:৩৬ প্রিন্ট সংস্করণ

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বদলিজনিত কারণে বিদায় নিয়েছেন। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

২০২৪ সালের ৭ সেপ্টেম্বর আরএমপির ৩২তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবু সুফিয়ান। দায়িত্বকালীন সময়ে দৃঢ় নেতৃত্ব, পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপিত হয় এবং বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেপ্তারের মতো উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়। এছাড়া ৫ আগস্টের সহিংসতায় ক্ষতিগ্রস্ত পুলিশ স্থাপনার পুনর্নির্মাণও তাঁর তত্ত্বাবধানে সম্পন্ন হয়।

জনসেবায় নেওয়া উদ্যোগগুলোর মধ্যে ছিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি ও আরএমপি কালচারাল ক্লাব প্রতিষ্ঠা, আরএমপি তথ্য ও সেবা কেন্দ্র চালু এবং হারানো মোবাইল উদ্ধারে বিশেষ কার্যক্রম—যা সাধারণ মানুষের প্রশংসা কুড়ায়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনিযুক্ত পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিথিরা সাবেক পুলিশ কমিশনারের উল্লেখযোগ্য অবদান ও মানবিক নেতৃত্বের প্রশংসা করে ভবিষ্যতে তাঁর সফলতা কামনা করেন।

আরও খবর

Sponsered content