অপরাধ

গঙ্গাচড়ায় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা

  গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৪:২৫:১৮ প্রিন্ট সংস্করণ

 

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় রাস্তার পাশে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার বলছে, এটি সাধারণ দুর্ঘটনা নয়; পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভুটকা মধ্যপাড়ার ডুব্বির পাড় এলাকায় সড়কের ধারে আখেরুল ইসলাম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থলটি নিহতের বাড়ি থেকে মাত্র পাঁচশ গজ দূরে।

স্থানীয় সূত্র জানায়, আখেরুল মালিপ বাজার থেকে আটা কিনে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে অজ্ঞাত কেউ তার মাথার ডান পাশে আঘাত করে ফেলে রেখে যায় বলে আশপাশের লোকজন ধারণা করছেন। পথচারীরা তাকে অচেতন অবস্থায় দেখে পুলিশকে খবর দেন।

নিহত আখেরুল ভুটকা মধ্যপাড়ার শামসুদ্দিনের ছেলে এবং গঙ্গাচড়া পূর্ব থানা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আক্তারুল ইসলামের বড় ভাই। তিনি দিনমজুরের কাজ করতেন এবং সম্প্রতি কেরানীগঞ্জের একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করছিলেন। প্রায় এক মাস আগে চাকরি ছেড়ে তিনি বাড়ি ফিরে আসেন।

পরিবারের সদস্যরা ঘটনার পেছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছেন। ছোট ভাই আখতারুল ইসলাম জানান, “সন্ধ্যার দিকে ভাইয়ের মোবাইলে বারবার ফোন আসছিল। একবার তাকে কারও সঙ্গে তর্ক করতে শুনেছি। আমাদের ধারণা, ফোনের মাধ্যমেই তাকে বাড়ির বাইরে ডেকে নেওয়া হয়েছে।”

গঙ্গাচড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায় বলেন, “এটি হত্যা নাকি দুর্ঘটনা—এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, এ ঘটনার পর ভুটকা মধ্যপাড়া এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

আরও খবর

Sponsered content