মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ২৮ জানুয়ারি ২০২৬ , ৮:৪২:৪৫প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি কালো ব্যাগ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু বেলুপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে রব্বানী আহমদ (৩০)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন বলে স্বীকার করেছেন।
আইনগত ব্যবস্থা শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।