মো. গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৫ , ৩:৩৯:৫৬ প্রিন্ট সংস্করণ
রাজশাহী মহানগরীর পঞ্চবটী মহাশ্মশানের বাঁশ দিতে অস্বীকৃতি জানানোয় মন্দিরের পুরোহিত সাগর কুমার রায়কে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
শনিবার (সময় উল্লেখ) বেলা ১২টার দিকে নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের ভেতরে এ ঘটনা ঘটে।
মন্দিরের পুরোহিত সাগর কুমার রায় জানান, স্থানীয় যুবক আলিফ আলী মন্দির কমপ্লেক্সে প্রবেশ করে কবুতরের মাচা তৈরির জন্য বাঁশ দাবি করেন। মন্দিরের বাঁশ দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই যুবক তাকে চড়-থাপ্পর মারতে থাকেন।
ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত যুবক শ্মশানের চিতাঘরে লাশ পোড়ানোর জন্য রাখা বাঁশ নিতে গেলে পুরোহিত বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে পুরোহিত সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার সময় তাকে মারধর করা হয়।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, “পুরোহিত ও অভিযুক্ত যুবক পূর্বপরিচিত। পুরোহিতের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




















