সারাদেশ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে কীটনাশক স্প্রে করে সরিষা ক্ষেত বিনষ্টের অভিযোগ

  নওগাঁ প্রতিনিধি: ১৭ ডিসেম্বর ২০২৫ , ৮:২০:৩০ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আগাছানাশক কীটনাশক স্প্রে করে এক কৃষকের সরিষা ক্ষেত বিনষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার নূরুল্লাবাদ ইউনিয়নের ব্যারিল্যা বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক গোলাম অভিযোগ করে জানান, চকগোপাল গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে ইসমাইল ও তার নাতি মোজাহারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে পরিকল্পিতভাবে তার চাষ করা সরিষা ক্ষেতে আগাছানাশক কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট করা হয়েছে।

তিনি জানান, জমি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। গত রোববার দুপুরে প্রতিপক্ষরা সরিষা ক্ষেতে ঘাসমারা কীটনাশক স্প্রে করলে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। এতে তার কয়েক মাসের শ্রম ও বিনিয়োগ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভুক্তভোগী কৃষক বলেন, “এই সরিষা চাষের ওপরই আমার পরিবারের জীবিকা নির্ভর করছিল। ফসল নষ্ট করে আমাকে সর্বস্বান্ত করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”

তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের মোজাহার জানান, প্রায় ৩৬ বছর আগে তারা ওই জমিটি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। তিনি দাবি করেন, অসুস্থতার সুযোগ নিয়ে সাইফুদ্দিনের ভাতিজা গোলাম গং জমিটি দখলের চেষ্টা করছে। জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি সমাধানের উদ্দেশ্যেই কীটনাশক ব্যবহার করা হয়েছে।

এদিকে স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ থাকলেও এভাবে ফসল নষ্ট করা আইনবিরোধী ও অনৈতিক। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মান্দা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content