সারাদেশ

ভারতে পালানোর সময় মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ৬:২৩:৫৪ প্রিন্ট সংস্করণ

লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টাকালে মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তার মো. শাহিন চৌধুরী (৫৫) ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক এবং কালিন্দি ইউনিয়নের হিন্দু চড়াইল এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে।

বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে লালমনিরহাট জেলা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট-২’ এর আওতায় কালীগঞ্জের ভুল্লারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই শাহিন চৌধুরী আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, তিনি কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভুল্লারহাট দিয়ে দালালের মাধ্যমে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন—এমন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ নজরদারি ও তল্লাশি শুরু করে। পালানোর প্রস্তুতিকালে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ বলেন, ‘সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন রোধে অপারেশন ডেভিল হান্ট-২ শীর্ষক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ও সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’

এছাড়াও গ্রেপ্তার ওই ব্যাক্তি নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content