সারাদেশ

কুষ্টিয়ায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

  কুষ্টিয়া প্রতিনিধি: ২২ ডিসেম্বর ২০২৫ , ৩:৫৪:০৬ প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক তাৎপর্যপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় হেযবুত তওহীদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি মো. তানভীর আহমেদ।

মূল বক্তব্যে এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ইতিহাস পর্যালোচনায় দেখা যায়—মানবসৃষ্ট কোনো তন্ত্র বা মতবাদই পৃথিবীতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। বরং বিভেদ, সাম্প্রদায়িকতা ও চরম বৈষম্যের ফলে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছে। বর্তমানে বিশ্ব এক গভীর নৈতিক ও অস্তিত্ব সংকটে নিপতিত, যেখান থেকে মুক্তির একমাত্র পথ হলো স্রষ্টার সার্বভৌমত্বের ভিত্তিতে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্র কোনো মধ্যযুগীয় বা পশ্চাৎপদ ধারণা নয়; বরং এটি একটি আধুনিক, মানবিক ও প্রগতিশীল ব্যবস্থা। এ ব্যবস্থায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ভোগ করবেন এবং ধর্মব্যবসা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার কোনো স্থান থাকবে না।

প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থায় গণমাধ্যমের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, তওহীদভিত্তিক রাষ্ট্রে গণমাধ্যম হবে সমাজের প্রকৃত দর্পণ। সংবাদকর্মীরা পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন, তবে সেই স্বাধীনতা হতে হবে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন। গুজব পরিহার, তথ্যের সত্যতা যাচাই এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়াই হবে গণমাধ্যমের মূল আদর্শ। তিনি হেযবুত তওহীদের শান্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদ কুষ্টিয়া আঞ্চলিক আমির মো. জসেব উদ্দিন, বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদ, কুষ্টিয়া জেলা আমির মো. আক্কাস আলী এবং ভেড়ামারা থানা সভাপতি মিজানুর রহমান মজনু প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপনের পর অনুষ্ঠিত মুক্ত আলোচনায় কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা প্রস্তাবিত রাষ্ট্রব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন উত্থাপন ও গঠনমূলক মতামত প্রদান করেন।

আরও খবর

Sponsered content