নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ২৮ ডিসেম্বর ২০২৫ , ৫:৫৫:৩৪ প্রিন্ট সংস্করণ
সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীর সাদাপাথর লুটপাটের ঘটনায় অভিযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত ইউপি সদস্য দেলোয়ার হোসেন জীবন ওরফে জীবন মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানের আওতায় উপজেলার কাঁঠালবাড়িস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন জীবন কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। পাশাপাশি তিনি উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেইস-২’-এর আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধলাই নদীর পাথর লুটপাটের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়টিও আইনি প্রক্রিয়ায় যুক্ত করা হবে। রোববার তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ধলাই নদী থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের প্রথমার্ধে স্থানীয় সরকার বিভাগ থেকে দেলোয়ার হোসেন জীবনকে সাময়িক বরখাস্ত করা হয়। উপ-সচিব মো. নুরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, তার বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথর লুটপাট সংক্রান্ত ঘটনায় দুদকের তালিকা থেকে নিজের ও তার সহোদরের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে গণস্বাক্ষর সংগ্রহ করতে গিয়ে বিতর্কে জড়ান জীবন মেম্বারের সহোদর ইকবাল হোসাইন আরিফ। এ ঘটনায় উপজেলা সদরের এক ভেন্ডার ব্যবসায়ীর সঙ্গে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে পাল্টাপাল্টি মামলা দায়েরের কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা ব্যাপক আলোচনায় ও সমালোচনায় আসেন।
কোম্পানীগঞ্জের পাথর লুটপাটে জড়িত অপরাধী চক্রের বিরুদ্ধে পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।




















