প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৫ , ১:৫০:০০ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যঅধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
একই সঙ্গে শোক জানান উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরের এক শোক বার্তায় শোক জানান উপাচার্য।
এতে বলা হয়, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক অভিভাবককে হারাল। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণ করবে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




















