সারাদেশ

খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করবো: সাঈদ আহমেদ আসলাম

  মো. সাইফুল ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৬ , ৮:৫৭:২৩ প্রিন্ট সংস্করণ

শরীয়তপুর-১ (পালং–জাজিরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁরই ধারাবাহিকতায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশ, দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে যখন গণতন্ত্র পুনরুদ্ধার ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর চলে যাওয়ায় বাংলাদেশ আজ এক ধরনের শূন্যতার মধ্যে পড়েছে। তবে তাঁর দেখানো পথেই তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সাঈদ আহমেদ আসলাম আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এখন জনগণ ভোট দিতে মুখিয়ে আছে। জনগণের রায় নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে।” তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, “পালং–জাজিরাসহ পুরো শরীয়তপুর জেলার সার্বিক উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করবো, ইনশাআল্লাহ।”

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শরীয়তপুর-১ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়ন বিভিন্ন কারণে বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম। ভোটার তালিকায় মোট ভোটারের ১ শতাংশের সঠিক সমর্থন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য পুরনো ও দাখিলকৃত ব্যাংক স্লিপের সঙ্গে অসঙ্গতি থাকায় বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মিয়ার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

আরও খবর

Sponsered content