মেহেরপুর প্রতিনিধি: ৩ জানুয়ারি ২০২৬ , ৭:৫৯:০১ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের মনোনয়নপত্র বাছাই শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের উপস্থিতিতে বিকেল চারটা পর্যন্ত এ কার্যক্রম সম্পন্ন হয়।
বাছাইয়ে ভুলসহ জমা হওয়ায় মেহেরপুর-১ আসনের পাঁচ প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়েছে। অপরদিকে মেহেরপুর-১-এর চারজন এবং মেহেরপুর-২-এর তিন প্রার্থীকে ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে।
মেহেরপুর-১-এর প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত মাসুদ অরুন, জামায়াতে ইসলামী মনোনীত তাজ উদ্দিন খান, সিপিবি মনোনীত মিজানুর রহমান এবং জাতীয় পার্টির আব্দুল হামিদ ত্রুটি সংশোধনের সুযোগ পেয়েছেন।
মেহেরপুর-২-এর প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত আমজাদ হোসেন, জামায়াতে ইসলামী মনোনীত নাজমুল হুদা এবং জাতীয় পার্টির আব্দুল বারীকও একই সুযোগ পেয়েছেন।
দলীয় মনোনয়ন না থাকায় কামরুল হাসান, আমিরুল ইসলাম ও রোমানা আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান মোবু এবং এনসিপি প্রার্থী সোহেল রানার মনোনয়নপত্রও যথাযথ সমর্থন ও ফরম পূরণের অভাবে বাতিল করা হয়েছে।




















