সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিলো বিজিবি

  মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার  ৮ জানুয়ারি ২০২৬ , ৯:৪২:২৮ প্রিন্ট সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পতাকা বৈঠকের পর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্ত থেকে আটকদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান।
ফেরত দেয়া ভারতীয় নাগরিকরা হলেন: পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বাচ্চন মোহলদার ও সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার। তারা দুজনেই মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
বিজিবি অধিনায়ক বলেন,বুধবার দুপুরে চাড়ালডাংগা সীমান্তের ২১৯ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন সিরামের দাড়া বিলে নিজ নিজ দেশের সীমানায় মাছ ধরছিলেন জেলেরা। এ সময় বাচ্চন ও রাজু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় চলে আসলে তাদের ধরে আনেন বাংলাদেশি জেলেরা। পরে কেতাববাজার এলাকা থেকে ওই দুই ভারতীয় নাগরিককে জেলেদের কাছ থেকে উদ্ধার করে বিজিবি।
বিজিবি অধিনায়ক আরও বলেন,এ ঘটনার পর দুই নাগরিককে ফেরত চেয়ে অনুরোধ জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এর প্রেক্ষিতে বুধবার বিকেল ৪ টায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। পরে বিকেল ৫টায় তাদের বিএসএফের কাছে হস্তান্তর করেন বিজিবি সদস্যরা।

আরও খবর

Sponsered content