সারাদেশ

নওগাঁ-রাজশাহী মহাসড়কে যাত্রী হেনস্তার মূল অভিযুক্ত হান্নান গ্রেফতার

  নওগাঁ প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২৬ , ১০:১৫:০৩ প্রিন্ট সংস্করণ

নওগাঁ-রাজশাহী মহাসড়কের ‘১৪ মাইল’ এলাকায় সিএনজি যাত্রীদের হেনস্তার ঘটনায় প্রধান অভিযুক্ত হান্নানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রাজশাহী ও নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার হান্নান রাজশাহী জেলার মোহনপুর থানার বড়াইল গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নওগাঁ-রাজশাহী মহাসড়কের ১৪ মাইল এলাকায় সিএনজি যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ ও হেনস্তা করা হচ্ছে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার সকালে মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানার নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে হান্নানকে গ্রেফতারের পাশাপাশি তার ব্যবহৃত চাঁদাবাজির আস্তানা ভেঙে দেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content